নারীদের জন্য অন্ধ্র প্রিমিয়ার লিগ চালু করল এসিএ

অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) নারীদের জন্য নতুন একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট, ‘উইমেনস অন্ধ্র প্রিমিয়ার লিগ’ (ডব্লিউএপিএল) চালুর ঘোষণা দিয়েছে। পুরুষদের অন্ধ্র প্রিমিয়ার লিগের আদলে গড়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই আসর চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচ মাঙ্গালগিরিতে দিবারাত্রির ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর এসিএ এই পদক্ষেপ নিয়েছে। এসিএ সভাপতি এবং লোকসভার সদস্য কেশিনেনি শিবনাথের মতে, রাজ্যের পর্যাপ্ত নারী খেলোয়াড়দের কথা বিবেচনায় রেখেই এই চার দলের লিগ সাজানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের পর্যাপ্ত পুল আছে। অন্ধ্রে অতীতে নারী বিশ্বকাপ আয়োজিত হওয়ার পর থেকেই স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আমরা আশাবাদী, আগামী বছর আমরা দলের সংখ্যা ছয়টিতে উন্নীত করতে পারব।’

নারীদের ক্ষমতায়ন এবং ক্রিকেটে তাদের সমান সুযোগ তৈরির লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত দুই বছর ধরে এসিএ নারীদের ঘরোয়া লিগ পরিচালনা করার পর এবার এটিকে ফ্র্যাঞ্চাইজি কাঠামোয় রূপান্তর করেছে। শিবনাথ আরও বলেন, ‘পুরুষদের প্রিমিয়ার লিগের মতোই আমরা নারীদের প্রিমিয়ার লিগকেও জনপ্রিয় করতে চাই। আমাদের রাজ্য থেকে শ্রী চারণীর মতো প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে, ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান নারী ক্রিকেটারকে তুলে আনাই আমাদের মূল লক্ষ্য।’ ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী বাঁহাতি স্পিনার শ্রী চারণীর অনুপ্রেরণায় এসিএ তাদের এই মিশন এগিয়ে নিচ্ছে।

টুর্নামেন্ট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এসিএ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিজয়ওয়াড়া থেকে মাঙ্গালগিরি পর্যন্ত ১০০ জন নারীর অংশগ্রহণে একটি বাইক র‍্যালি আয়োজন করা হয়। এছাড়া এই লিগ এবং অ্যাসোসিয়েশনের পেছনে বড় ভূমিকা পালন করছেন কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ।

পুরুষদের লিগে মাঠের দর্শকের উপস্থিতি নিয়ে এসিএ সভাপতি বেশ আশাবাদী। তিনি জানান, পুরুষদের ম্যাচে সাধারণত ১৫ হাজার থেকে ২০ হাজার দর্শক উপস্থিত থাকেন এবং নারীদের ম্যাচগুলোতেও একই ধরনের দর্শক সমাগম ঘটবে বলে তারা আত্মবিশ্বাসী।