বরিশালে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা: স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিলা ইসলাম (৩৫) নামে এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গৈলা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। দুই কন্যা সন্তানের জননী শিলা ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শহরে স্থানান্তর করা হয়।

নিহতের বাবা সেরাল গ্রামের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদার তার মেয়ের মৃত্যুর জন্য জামাতাকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, শিলার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত প্রায়ই তাকে অকারণে মারধর করতেন। মারুফ নিজেও গৈলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।

আব্দুস সালাম হাওলাদার আরও জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় শিলার ওপর অমানুষিক নির্যাতন চালান তার স্বামী মারুফ। সেই নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে একপর্যায়ে শিলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। শিলার মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।