বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি বাংলাদেশে প্রথমবারের মতো তাদের অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে। একই সাথে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটি একটি নতুন শোরুমও উদ্বোধন করেছে। এই উদ্যোগের ফলে স্থানীয় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির সদস্যসহ সাধারণ গ্রাহকেরা এখন থেকে সরাসরি সনির অফিশিয়াল মেরামত সুবিধা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারটির আনুষ্ঠানিক সূচনা করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ মুহাম্মদ মিজানুর রহমান এবং সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএসআইয়ের জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিংয়ের (সিঙ্গাপুর) মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্যেই এই সার্ভিস সেন্টারটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে ডিভাইসের যান্ত্রিক ত্রুটির কারণে যেন পেশাদারদের কাজের শিডিউল বিঘ্নিত বা আর্থিক ক্ষতি না হয়, সেটিই এর অন্যতম উদ্দেশ্য। এই সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্যামেরা ও প্রয়োজনীয় গিয়ার মেরামতের দীর্ঘদিনের জটিলতা দূর হবে, যা দেশের ফটোগ্রাফি শিল্পের বিকাশে সহায়ক হবে।
নতুন শোরুম ও অনুমোদিত এই সার্ভিস সেন্টারটি সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে।

