লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতি বিদ্রোহীরা

লোহিত সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রণালির ঠিক মাঝখানে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়উন দ্বীপের দখল নেয়ার মাধ্যমে পুরো নৌপথটিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে তারা। বার্তা সংস্থা এএফপি ইয়েমেনের স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার ময়উন দ্বীপ থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পরপরই হুতি যোদ্ধারা নৌকায় করে সেখানে পৌঁছে দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। পেরিম নামেও পরিচিত এই দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি কৌশলগত অবস্থানে থাকায় এর গুরুত্ব অপরিসীম। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুতি যোদ্ধারা এখন বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানবাহন নিয়ে ওই এলাকায় টহল দিচ্ছে।

গত সপ্তাহে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে হুতিদের বড় ধরনের অভিযান শুরুর পর থেকে সংঘর্ষে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর আগে বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরের কৌশলগত মোখা বন্দরটিও নিজেদের দখলে নেয়। এদিকে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে সৌদি আরব শুক্রবার দুই দফা বিমান হামলা চালিয়েছে।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে নৌচলাচল কার্যত বন্ধ করে দেয়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব বর্তমানে বহুগুণ বেড়েছে। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ এটি। ফলে এই প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।