প্রতিদিন সকালে দাঁত মাজার সময় অজান্তেই আমাদের শরীরে প্রবেশ করছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে প্রচলিত টুথপেস্টের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই এই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি রয়েছে।
বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরের গবেষণায় বাজার থেকে ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় ২৬টি নমুনায় অর্থাৎ প্রায় ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য তৈরি টুথপেস্টেও এই বিষাক্ত উপাদানের অস্তিত্ব মিলেছে।
তবে গবেষণায় সব টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি। মোট ৩৪টি নমুনার মধ্যে ৮টি টুথপেস্টকে মাইক্রোপ্লাস্টিকমুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, যা মোট নমুনার ২৩.৫ শতাংশ।
এসডোর গবেষণায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন ৮টি টুথপেস্টের তালিকায় রয়েছে: প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি এবং প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার। এই ব্র্যান্ডগুলো যথাক্রমে দেশীয় ও ভারতীয় পণ্য হিসেবে বাজারে পরিচিত।

