রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটে স্থবির জনজীবন

রাজধানীর বিমানবন্দর সড়কে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। রবিবার (২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলী পর্যন্ত দীর্ঘ এলাকা জুড়ে যানজটের কবলে পড়ে যানবাহন। একই সময়ে মিরপুরের দিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট ইসিবি চত্বর পর্যন্ত বিস্তৃত হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো যত্রতত্রভাবে যাত্রী ওঠানামা করছে। এছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়ার পথে যানবাহনগুলোকে লেনের নিয়ম মানতে দেখা যায়নি। এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কুড়িল থেকে বিমানবন্দরের দিকে এবং ফ্লাইওভারের ওপর যানজট কিছুটা কম থাকলেও, বনানী-কাকলী সড়ক এবং ইসিবি থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে তীব্র যানজট দেখা দেয়।

এই যানজটের ফলে অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বলেন, সরকার আসে, সরকার যায়—কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না। তিনি আরও বলেন, যদি বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠানামা করাত এবং বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো ডান দিকের লেন ও ফ্লাইওভারে ওঠা গাড়িগুলো বাম দিকের লেন ব্যবহার করত, তবে এমন যানজট তৈরি হতো না।