চেক ডিজঅনার মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের এক বছরের কারাদণ্ড

করোনা মহামারীর সময় নমুনা পরীক্ষার নামে জালিয়াতি করে দেশজুড়ে সমালোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে একটি চেক ডিজঅনারের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই ‘বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, সাহেদ হাফিজ উদ্দিনের কাছ থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী কেনার পর ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের নবাবপুর শাখার একটি চেক দিয়েছিলেন। পরবর্তীতে ২০২০ সালের মে মাসে চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থের অভাবে তা ডিজঅনার হয়। আইনি নোটিশের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানিয়েছেন, বিচারক গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতেই মামলাটির রায় ঘোষণা করেছিলেন। রোববার সাহেদকে সাজার পরোয়ানার ভিত্তিতে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর জামিন আবেদন করা হয়, তবে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র, প্রতারণা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ৩৫টিরও বেশি মামলা চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত