বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে, যা রাজনৈতিক দর্শনের দিক থেকে মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তরুণ রাজনীতিবিদদের প্রগতিশীল ও অগ্রগামী চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয় থাকা উচিত, কিন্তু এনসিপির এমন জোট গঠন হতাশাজনক।
শেখ হাসিনার শাসনামলের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি নির্বিচারে গুলি চালিয়েছেন এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে দেশের মানুষের রক্ত নিয়ে খেলতে দ্বিধা করেননি। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব মূলত ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। প্রশাসনে দলীয় নিয়োগ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’-এর উদাহরণ দিয়ে বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে নতুন লোক নিয়োগ দেওয়া অস্বাভাবিক নয়, তবে ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় এলে বড় ধরনের দলীয়করণের আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।
রাজনৈতিক ভাষা ও সংস্কৃতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, শেখ হাসিনা প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত মিথ্যাচার ও অপপ্রচার চালাতেন। তিনি তরুণ নেতাদের অশালীন ভাষা ব্যবহারের সমালোচনা করে বলেন, এ ধরনের ভাষা গণতন্ত্র ও উন্নত রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং এটি শেখ হাসিনার অপসংস্কৃতিরই প্রতিফলন। সমাজে ঘৃণার রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না বলেও তিনি নতুন প্রজন্মের রাজনীতিকদের সতর্ক করেন।
আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন নাসির শিবিরের সমালোচনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন ও শহীদুল্লাহ হলে ছাত্রশিবির নেতাদের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কারের ঘটনা ঘটেছে। তিনি শিবিরের নারী সুরক্ষার দাবির সমালোচনা করে বলেন, যারা বিকৃত রুচির পরিচয় দেয়, তাদের এ ধরনের ভণ্ডামি গ্রহণযোগ্য নয়। এছাড়া এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর অশালীন মন্তব্যেরও তিনি তীব্র নিন্দা জানান এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের আচরণের সমালোচনা করে তাকে সতর্ক করেন। সভায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

