আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে—এমন আশার প্রেক্ষিতেই মূলত তেলের বাজারে এই প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ সুগম করতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা কমে দিনের লেনদেন শেষ হয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে তা গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে পারে। এর ফলে হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।

