যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ইতিবাচক বার্তা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদি। তবে তিনি প্রাপ্ত বার্তাগুলোর ধরণ বা সেগুলো কোন পর্যায় থেকে আসছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি।
তেহরান-ভিত্তিক সাংবাদিক ওয়েসাম বাহরানি আলজাজিরাকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টরের সংখ্যা কমে আসছে এমন খবরের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে বর্তমান আলোচনার অবস্থা কী, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এর উত্তরেই উপপররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা পাওয়ার কথা উল্লেখ করেছেন।
বাহরানি আরও জানান, এই আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইরানি কর্তৃপক্ষের জন্য কিছু শর্ত বা বিষয় নিষ্পত্তি করা জরুরি। এর মধ্যে ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি চূড়ান্ত করা, সেখানে একটি চুক্তি সম্পন্ন করা এবং হরমুজ প্রণালীতে ইরানের দিক থেকে নতুন সীমানা নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

