ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, ‘লিপ কিস বাবা’কে নিয়ে তোলপাড়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক কথিত সাধুর একটি ভিডিও ঘিরে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি নিজের এবং তার নারী ভক্তদের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে এক ধরনের ‘আশীর্বাদ’ প্রদান করছেন। এই দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। ভিডিওর দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন যে, ধর্মীয় আচারের আড়ালে ওই ব্যক্তি নারী ভক্তদের চুম্বন করছেন। সমালোচনাকারীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ধরনের আচরণ কেবল নারী ভক্তদের ক্ষেত্রেই কেন দেখা যায়, পুরুষ ভক্তদের ক্ষেত্রে নয়।

অন্যদিকে, কথিত ওই সাধুর অনুসারীদের দাবি, এটি কোনো অনৈতিক কর্মকাণ্ড নয়। তাদের ভাষ্যমতে, এটি নির্দিষ্ট একটি আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ। এর সঙ্গে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সম্পর্ক নেই বলেও তারা দাবি করেছেন।

ভারতে অতীতেও অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার দায়ে একাধিক ভণ্ড সাধুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। এর আগে আসামে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে পুলিশ এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছিল। তবে ‘লিপ কিস বাবা’র এই সর্বশেষ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কিনা বা প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত