রাশিয়ার চালানো ধারাবাহিক হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় প্রাণহানি ও আহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, এ হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।
মেয়র ক্লিচকো জানান, হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে একটি আবাসিক ভবনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলায় একজন চিকিৎসক নিহত হন। তবে প্রাথমিক হতাহতের তালিকা প্রস্তুতের সময় ওই চিকিৎসকের নাম নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত করা যায়নি।
এদিকে কিয়েভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক জনগণকে সতর্ক করে বলেছেন, সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার বোমারু বিমান আকাশে উপস্থিত থাকায় সমগ্র দেশজুড়ে ক্ষেপণাস্ত্র হুমকি জারি রয়েছে।
দেশটির পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লভিভ-এও মধ্যরাতের ঠিক আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো স্থাপনায় আঘাত হানে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, হামলায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে কি না, তা যাচাই করছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। পরে আঞ্চলিক সামরিক প্রশাসন জানায়, তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছিল, আগামী কয়েক দিনের মধ্যে যেকোনো সময়ে গুরুতর বিমান হামলার আশঙ্কা রয়েছে। সেই সতর্কতার পরপরই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল।
এই পরিস্থিতিতে ইউক্রেন জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে, আর সাধারণ মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।