সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) আদালত এই সাজা ঘোষণা করে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই একই মামলায় দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে আতেফ নাজিবকে হাজির করা হয়। এ সময় কারাবন্দিদের পোশাক পরিহিত নাজিবকে একটি খাঁচার ভেতরে রাখা হয়েছিল এবং বিচারক তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান। আতেফ নাজিব সিরিয়ার সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে বাশার আল-আসাদের শাসনামলে তিনি দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সরকারবিরোধী আন্দোলন দমনে তার ভূমিকা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। সেই দমন-পীড়ন থেকেই দেশটিতে বিদ্রোহ ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, যা গত ১৪ বছর ধরে চলা সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বাশার সরকারের সাবেক কর্মকর্তাদের মধ্যে আতেফ নাজিব অন্যতম উচ্চপদস্থ ব্যক্তি, যিনি বিচারের মুখোমুখি হয়েছেন।

২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। সেই সময় থেকেই তারা রাশিয়ায় অবস্থান করছেন।