বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের জন্য আবেদন করা প্রার্থীদের মধ্যে ২ হাজার ১১৪ জনের সিভিতে ছবি ও স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি শনাক্ত হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২১ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের মধ্যে এই ত্রুটিগুলো পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রার্থীদের ইতিমধ্যে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে এবং আগামী ৩১ আগস্টের মধ্যে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে ছবি ও স্বাক্ষর আপলোড করে ত্রুটি সংশোধন করতে হবে। ছবির ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ৬০০*৬০০ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে, যার ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে, ফরমাল পোশাকে এবং আবেদন করার আগের এক মাসের মধ্যে তোলা হতে হবে। ছবিতে প্রার্থীর সম্পূর্ণ মুখমণ্ডল, কপাল ও দুই কান স্পষ্টভাবে দৃশ্যমান থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে যে, সাদাকালো, অনানুষ্ঠানিক, অস্পষ্ট বা ঘোলাটে ছবি আপলোড করলে প্রার্থীর আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০*৮০ পিক্সেলের এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইটের ফাইল আপলোড করতে হবে। স্বাক্ষরটি অবশ্যই প্রার্থীর নিজের হতে হবে এবং সাদা কাগজে কালো কালি দিয়ে করতে হবে। স্ক্যান করার সময় স্বাক্ষরটি স্পষ্ট, উজ্জ্বল এবং নির্ধারিত স্থানের পুরোটা জুড়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ ছবি ও স্বাক্ষর ইতিমধ্যে সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যথায় নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। চাকরির আরও তথ্য: সোনারগাঁও হোটেলে নিয়োগ, অভিজ্ঞতার সঙ্গে যে যে যোগ্যতায় আবেদন। চাকরির আরও তথ্য: বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, ভাতা ১০ হাজার টাকা।

