রাজধানীর শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আটক এক

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আসলাম খান (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনের ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় ব্যবসায়ী আসলাম খান দোকানের ভেতরেই ছিলেন। এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে এবং কপালের ডান পাশে বিদ্ধ হয়।

আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই আসলামকে বাঁচাতে তারা দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করেছে। ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, শনির আখড়ায় গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।