উত্তরার বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ ৩

রাজধানীর উত্তরার উত্তরখান এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন হাসনা হেনা (৪০), আখি (৩০) এবং আলী হোসেন (৫০)।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই বিষয়ে জানান, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন রোগী তাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা চলছে।