রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র তার চিবুকে কসমেটিক সার্জারি বা চিন হারমোনাইজেশন করিয়েছেন। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড এই সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকার তথ্যমতে, অস্ত্রোপচারের পর তিনি প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন।
সার্জারির পর তাকে ব্রাজিলের কেন্দ্রীয় অঞ্চলের গোইয়ানিয়ায় প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকারের নতুন জিমের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়। সেখানে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। ভার্জিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন জিম 'ওয়েজিম-ব্রা' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম টিএমসি জানিয়েছে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভিনিসিয়াস গোইয়ানিয়াতেই এই কসমেটিক প্রক্রিয়াটি সম্পন্ন করেন। ড. আলেসান্দ্রো আলারকাও নামের একজন চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে তোলা ছবিতে ভিনিসিয়াসের চিবুক আগের চেয়ে অনেক বেশি সুগঠিত ও স্পষ্ট দেখা যাচ্ছে। বৃটেনে এ ধরনের চিকিৎসার ব্যয় সাধারণত ৩ হাজার থেকে ১৪ হাজার পাউন্ডের বেশি হতে পারে।
এই জুটির একসঙ্গে উপস্থিতি তাদের সম্পর্কের নতুন মোড়কে নিশ্চিত করেছে। বিশ্বকাপ শুরুর আগে তাদের বিচ্ছেদের কথা শোনা গেলেও, চলতি মাসে একটি বিলাসবহুল প্রমোদতরীতে তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশের পর থেকেই সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। এর আগে বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই বিকিনি পরা ভার্জিনিয়াকে ভিনিসিয়াসের কোলে দেখা গেলে ব্রাজিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ভিনিসিয়াস চারটি গোল করলেও নকআউট পর্বে গোল করতে ব্যর্থ হন। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর পেনাল্টি না নেওয়া এবং দলের পারফরম্যান্স নিয়ে তিনি দেশের ফুটবল মহলে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।

