খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা এই কঠোর কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছেন। এর আগে বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
মঙ্গলবার বিজয় একাত্তর হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের একটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এই ঘটনায় হলের ক্যান্টিনের এক কর্মীকে শিক্ষার্থীরা আটক করেন। আটককৃত ইমাম হাসান (২৪) হলের ক্যান্টিন চালকের ছেলে এবং তিনি গত দুই বছর ধরে সেখানে কাজ করছিলেন।
শিক্ষার্থীরা জানান, হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়ার পর তারা বিষয়টি যাচাই করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমাম হাসানকে আটক করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া অতীতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের যৌন হয়রানির যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোরও কোনো সুষ্ঠু বিচার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন।

