আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে এসে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আনোয়ারা উপজেলার বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত হান্নান ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে ছিলেন। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা চললেও বৃহস্পতিবার তার কোনো পরীক্ষা ছিল না। এই অবসর সময়কে কাজে লাগাতে তিনি বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে গিয়েছিলেন।

গাছ কাটার একপর্যায়ে সেটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের তারে স্পর্শ করে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন হান্নান। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল হান্নান শাহ্’র মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই, সাংবাদিক এমরান হোসেন, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “হান্নান অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। পরীক্ষার কারণে কয়েকদিন আগে বাড়িতে আসে। আজ তার পরীক্ষা না থাকায় গাছ কাটতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত