রাজধানীর আরও ৫০টি স্পটে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে পরিবেশের মানোন্নয়ন এবং দূষণ রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইটভাটার বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির ব্যবহার এবং সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ, ফিটনেসবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া, ঢাকার সড়কে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে, যা বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার আদলে তৈরি করা হবে।
উক্ত বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

