বিনিয়োগ বাড়াতে ৫০টি আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজতর করার কাজ চলছে এবং আগামী দুই-তিন মাসের মধ্যেই এর দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে। মঙ্গলবার ইপিবি’র সম্মেলন কক্ষে আয়োজিত ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার কেবল কথার ভিত্তিতে নয়, বরং বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির কাজ করছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রপ্তানি খাতের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, লেদার, এগ্রো প্রসেসিং এবং লাইট ইঞ্জিনিয়ারিংসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে ডাবল ডিজিট প্রবৃদ্ধির মাধ্যমে বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া নতুন উদ্যোক্তারা যারা বিদেশে বাজার অনুসন্ধান বা ক্রেতাদের সঙ্গে যোগাযোগের আর্থিক সক্ষমতা রাখেন না, তাদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানে ইপিবি সক্রিয় ভূমিকা রাখবে।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার অনুমোদন দেয়া হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী, ১২টি অগ্রাধিকার খাতকে গুরুত্ব দিয়ে ২৭টি দেশে মোট ৫০টি আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত