রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মো. নজরুল ইসলাম (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে অবস্থিত সিএনজি পাম্পের সামনের প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম পটুয়াখালী জেলার দশমিনা থানার পশ্চিম আলিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে তিনি প্রায় দেড় বছর আগে দেশে ফিরে এসেছিলেন।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার বড় ভাই নজরুল ইসলাম একটি মামলা সংক্রান্ত কাজে গ্রামের বাড়ি থেকে ২-৩ দিন আগে ঢাকায় এসেছিলেন। তিনি লালবাগে তার ভাগনির বাসায় অবস্থান করছিলেন। দুর্ঘটনার রাতে বিমানবন্দর এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উত্তরার একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।
সেখান থেকে তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক-এর ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

