লালবাগে বাসাভাড়া নিয়ে দ্বন্দ্ব: ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর লালবাগে বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে মো. স্বপন (৬২) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর চারটার দিকে আজিমপুর গভর্নমেন্ট মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনের মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মাদারীপুর জেলার শিবচর থানার তাহের ফকির কান্দি গ্রামের বাসিন্দা ছিলেন এবং আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি ভাড়া বাসায় থেকে বিভিন্ন দোকানে প্রসাধনসামগ্রী সরবরাহ করতেন।

নিহতের বড় ভাই রাজা মো. সেলিম জানান, তাঁরা দুই ভাই মাসিক ছয় হাজার টাকা ভাড়ায় কোয়ার্টারের ওই বাসায় থাকতেন। গত মাসের ভাড়ার মধ্যে এক হাজার টাকা বকেয়া ছিল, যা ১২ তারিখে পরিশোধ করা হয়। তবে রাতে বাড়িওয়ালা রিজভীকে ফোন করা হলেও তিনি ধরেননি। পরদিন রাত সোয়া তিনটার দিকে রিজভী টাকা চেয়ে ফোন করেন এবং বাসায় এসে দরজা ভেঙে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে রিজভী ও তাঁর সহযোগী চাচাতো ভাই রোহান স্বপনকে টেনেহিঁচড়ে স্টাফ কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে অমানবিক নির্যাতন ও বুকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মূল অভিযুক্ত রিজভী ও তাঁর চাচাতো ভাই রোহানসহ মোট ২ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।