হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার জানান, বিকেলের দিকে তারা কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। হানিফ ফ্লাইওভারের উপরে পৌঁছালে তারা রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার পাশেই আবুল কাশেমের মোটরসাইকেলটি পড়ে ছিল এবং তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের নাতি সোয়াত জানান, তার দাদা শরীয়তপুরের ভেদরগঞ্জ গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে হানিফ ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকার ফজলুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং বর্তমানে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার ১২৫৮ নং বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। শেওড়াপাড়ায় তার একটি রোড-সিমেন্টের দোকান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।