শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও ৩ শর্তে অনড় সিজেপি

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবি পূরণ করে ইতিমধ্যে ধর্মেন্দ্র তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এই পদত্যাগের খবরেও আন্দোলন থেকে সরে আসছে না বিক্ষোভকারীরা। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও এখনই বিক্ষোভস্থল থেকে সরছেন না তারা। পদত্যাগের খবর প্রকাশের পর বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেও তিনি এ কথা স্পষ্ট করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মেন্দ্রের পদত্যাগ সম্পন্ন হওয়ার পর এখন তাদের নতুন তিনটি দাবি রয়েছে। প্রথমত, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে দিতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তৃতীয় দাবিটি হলো, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে বিক্ষোভকারীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বিজয়-উল্লাস দেখা গেছে। এই ঘটনাকে ভারতের গণতন্ত্রের বড় জয় হিসেবে অভিহিত করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া চলমান এই আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও একে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন। দেশটির বিভিন্ন মানবাধিকারকর্মী, পরিবেশবিদসহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত