৩৬ দিনের আন্দোলনের ইতি, পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিন ধরে চলমান আন্দোলনের ইতি টেনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এ সময় সিজেপি নেতৃবৃন্দ সকল আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাসের ওপর আস্থা রেখেই তারা সদিচ্ছার পরিচয় দিয়ে আন্দোলন শেষ করছেন। সিজেপির প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যা পূরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে সংগঠনটির অন্যান্য দাবিগুলোও মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সকল পুলিশি মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শিক্ষার্থীদের হয়রানি না করার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

কন্টেন্ট: সংগৃহীত