ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলোকে পুনরায় সচল করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বেসরকারি খাতের আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যাচাই-বাছাই সাপেক্ষে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে।

রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় নৌপথ সচল করার পাশাপাশি নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নদীর নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী নদীর তীরবর্তী নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়তা করবে, অন্যদিকে নদীর তীরের সৌন্দর্যও বৃদ্ধি করবে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।