ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘একই নাটকীয় কূটনীতি বারবার চালিয়ে যাওয়ার’ অভিযোগ তুলেছেন। ইরানে সামরিক হামলার নির্দেশ দেয়ার পর বারবার তা স্থগিত করার ঘটনাকে কেন্দ্র করে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গালিবাফ ট্রাম্পের এই কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
এর কয়েক দিন আগে ট্রাম্প ইরানে সর্বশেষ পরিকল্পিত হামলা স্থগিত করে দাবি করেছিলেন যে, তেহরানের সঙ্গে একটি চুক্তির ‘মূল কাঠামো’ ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। তবে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন গালিবাফ। তিনি বলেন, ওয়াশিংটন ব্যর্থ চাপ প্রয়োগের কৌশল হিসেবে কখনো সামরিক হুমকি দিচ্ছে, আবার কখনো আলোচনার প্রস্তাব দিচ্ছে।
গালিবাফ নিজের পোস্টে লিখেছেন, ‘বিরাট হামলা আসছে। দাঁড়ান। আর দরকার নেই। তারা আলোচনা করতে চায়। এটাই বারবার চলতে থাকা নাটকীয় কূটনীতি।’ তিনি আরও বলেন, ভয় দেখানো, প্রতিশ্রুতি ভঙ্গ এবং ভুয়া খবরকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটি ব্যর্থ কৌশল। গালিবাফ যুক্তরাষ্ট্রকে বাস্তবতা মেনে নেয়া এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত শনিবার ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছিলেন। ট্রাম্পের দাবি ছিল, তেহরান ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ তাকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছিল এবং কূটনৈতিক সমঝোতা খুব কাছাকাছি পৌঁছে গেছে। ট্রাম্পের ভাষ্যমতে, এই সম্ভাব্য চুক্তির ফলে হরমুজ প্রণালি সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। এদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরানের দাবি, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের পথের স্থানাঙ্ক নিয়ে দুই দেশ একমত হওয়ায় চুক্তিটি এখন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

