গাজীপুরের কালিয়াকৈরে একটি সামাজিক কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার টেকিবাড়ি চাঁদপুর এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখে সন্দেহ করেন। পরে তারা কবরের ভেতরে প্রবেশ করে দেখেন যে কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো সরিয়ে ফেলা হয়েছে।
কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরবর্তীতে এলাকাবাসী ফাঁকা হয়ে যাওয়া কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ চলছে।

