ট্রাইব্যুনালে দাখিল শেখ হাসিনার সঙ্গে কাদের ও হাছানের ফোনালাপ

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের নির্দেশনা সংক্রান্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের কথোপকথনের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের এই নতুন কল রেকর্ডগুলো আদালতে জমা দেওয়া হয়।

এর আগে সোমবার সকালে প্রসিকিউশন আরেকটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছিল। সেই রেকর্ডে দেখা যায়, জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করার জন্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সরাসরি নির্দেশ দিচ্ছেন ওবায়দুল কাদের।

তদন্তের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রচেষ্টাও উঠে এসেছে। এর আগেও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট সংযোগ ধীরগতির করে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।