জুলাই গণঅভ্যুত্থানের সফলতার কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এ (কেআইবি) আয়োজিত 'গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে। যখন জনগণ এই আন্দোলনের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত হয়েছে, তখনই এটি সফলতার মুখ দেখেছে।
তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে এটি পরিষ্কারভাবে জানিয়েছি যে, এই আন্দোলনের সফলতার ক্রেডিট দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে আসিনি।
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, অনেক তর্ক-বিতর্ক ও সংগ্রামের সময় পার হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। এখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের প্রতি ঠান্ডা মাথায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে, জনগণের সামনে দেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে তাদের প্রত্যাশা পূরণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

