যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে তার নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা-পূর্ব স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, কবির হাসান মৃধা প্রবাসে থাকলেও তার প্রাণ পড়ে থাকত দেশের মানুষের কাছে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের সহায়তায় তার অবদান উজিরপুর তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে তার অভাব সহজে পূরণ হওয়ার নয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবির হাসান মৃধা মৃত্যুবরণ করেন। প্রবাসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দেশে আনা হয়।
উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কবির হাসান মৃধা বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং সরকারি বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। এছাড়াও তিনি উজিরপুর থানা বিএনপির দুইবারের সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জানাজা শেষে হাজারো মুসল্লির উপস্থিতিতে তাকে দাফন করা হয় এবং উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

