রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় বুধবার (২২ জুলাই) রাত ১১টায় বাঁধের এই জলকপাটগুলো বন্ধ করা হয়।
এর আগে, কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানির চাপ কমানোর লক্ষ্যে ১৮ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। সেই সময় ভাটির কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করা শুরু হয়।
বাঁধের ভারসাম্য ও হ্রদের পানির উচ্চতা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণক্ষমতা ১০৯ ফুট। তবে পানির স্তর ১০৭ ফুটে পৌঁছালে তা বিপৎসীমা হিসেবে বিবেচিত হয়। হ্রদের পানি ও বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি চলে গেলে জলকপাটগুলো খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

