মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ইয়াবা ও চাপাতিসহ গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে আল-আমিন হাওলাদার নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চারের কর্নারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশি তথ্যভান্ডার বা সিডিএমএস যাচাই করে দেখা গেছে যে, তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৩০টি মামলা বিচারাধীন রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া রফিক ভাবনা সোমবার সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।