বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার পাড়ার একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রান্সফরমার চুরি করতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে, সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক খুঁটির নিচে পড়ে যান।

সোমবার সকালে এলাকাবাসী তাকে দেখতে পেয়ে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ট্রান্সফরমার চুরি করতে গিয়েই যুবকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।