নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৫) নামের এক ফুচকা বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এই ঘটনার পর অভিযুক্ত শরিফুলের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার নাটোর শহরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শিশুটির এলাকার বাসিন্দারা।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর শিশুটিকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে নাটোর আধুনিক সদর হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরীফুল হক, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুুরুল ইসলামসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, মদনহাট এলাকার আব্বাস আলীর ছেলে শরিফুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে ওই শিশুটিকে ফুচকা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর এই ঘটনা কাউকে জানালে শিশুটিকে জবাই করে মেরে ফেলার হুমকি দেয় ফুচকা বিক্রেতা শরিফুল। তবে শিশুটির অস্বাভাবিক আচরণ এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় বিষয়টি তার পরিবারের সদস্যদের নজরে আসে।
পরের দিন বুধবার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি বুধবার সন্ধ্যায় জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাতে অভিযুক্ত শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে বের করে আনে এবং গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। তার মেয়ের ওপর এমন অমানবিক ও পাশবিক নির্যাতনের ঘটনায় মেয়ের বাবা ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শরিফুল ইসলামকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলা দায়েরের পর শরিফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণকারীর বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশের সকল মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "বর্তমান সরকার কোনো খুন-ধর্ষণকে বরদাশত করবে না। দোষী যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, দ্রুত তার বিচার করতে হবে।" তিনি অল্প সময়ের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে বিচারকার্য শুরু করতে প্রশাসনকে আহ্বান জানান।
