শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মানহানির চেষ্টা এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের প্রতিবাদে রাজধানীতে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'সচেতন অভিভাবক সমাজ'-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহ ইমরানের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মানিক, অধ্যক্ষ মো. ওয়াদুদ, অধ্যাপক মো. আফলাতুন, মো. ইউসুফ মিয়াজী, মো. খোরশেদ আলম শিকদার, মো. জাহাঙ্গীর আলম মজুমদার ও মো. শারফিন হোসাইন। এছাড়াও সভায় সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কাজী হাবিব, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, মো. মোজাম্মেল হক (লিটন), মো. ইব্রাহীম খলিল, আব্দুল আলীম মিয়াজী, ডাক্তার জাকির হোসেন, মো. সাইফুদ্দিন, শান্তা ইসলাম পপি ও নাছিমা আক্তার প্রমিতা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ড. আ ন ম এহছানুল হক মিলনকে বর্তমান সময়ের একজন দূরদর্শী ও পরীক্ষিত শিক্ষামন্ত্রী হিসেবে অভিহিত করেন। তারা বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে যখন তিনি খাদের কিনারা থেকে টেনে তুলে সংস্কার করছেন এবং শিক্ষার্থীদের টিকটক ও আড্ডাবাজি থেকে ফিরিয়ে পড়ার টেবিলে বসাচ্ছেন, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা সড়ক অবরোধ করে সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তারা।

প্রতিবাদ সভায় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই কুচক্রী মহলের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বর্তমান শিক্ষামন্ত্রীর নেতৃত্বেই এ দেশের তরুণ প্রজন্ম একটি যুগোপযোগী, আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা উপহার পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত