রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্টারিংয়ের দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পলাতক সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এক পোস্টে এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, “ধন্যবাদ জিয়া হল ছাত্রলীগ! জিয়া হল দিয়ে শেষ আবার জিয়া হল দিয়েই শুরু হলো। মতিহার সবুজ চত্বরে আবারো ছাত্রলীগ স্বমহিমায় ফিরবে।” তবে, সংশ্লিষ্ট স্থানে পরবর্তীতে এই পোস্টার আর পাওয়া যায়নি।

ছাত্রদল ও শিবিরের তীব্র নিন্দা

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এক পোস্টে বলেছেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে ক্যাম্পাসে পোস্টার লাগানো শুধু আইন ও প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ নয়, বরং শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা। শিক্ষার্থীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।” তিনি এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ছাত্রলীগের পেজে পোস্টের পর রাতেই শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান শাকিল নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন। তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রের ঠাঁই এ ক্যাম্পাসে হবে না। ক্যাম্পাসে পবিত্রতা রক্ষায় ছাত্রদল আপসহীন। নিষিদ্ধ হওয়ার পর রাতের আঁধারে পোস্টার টানিয়ে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা বৃথা।” তিনি দ্বিতীয়বার এমন কার্যক্রমের দুঃসাহস না দেখাতে হুঁশিয়ারি দেন।