আবাসন খাতের উন্নয়নে রিহ্যাবের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২২ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, ড্যাপ বাস্তবায়নের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং এই খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রিহ্যাব প্রতিনিধিদল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার আবেদন জানায়। তারা আবাসন খাতের সরকারি সেবাগুলো ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ফ্লোর এরিয়া রেশিও (FAR) বৃদ্ধি এবং উল্লম্ব নগরায়ণের ওপর জোর দেন প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই খাতের বিকাশ অত্যন্ত জরুরি। সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। আবাসন খাতে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেজন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

নগরায়ণ কেবল ঢাকা কেন্দ্রিক না রেখে দেশের অন্যান্য অঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি কৃষিজমি রক্ষায় উন্নয়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনসহ রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি-২ আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ এবং বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত