ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি উপকণ্ঠে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনেহুবভ টেলিগ্রামে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি একটি পোস্টাল টার্মিনালে আঘাত হেনেছে। তিনি আরও জানান, পুলিশ, চিকিৎসক এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে এবং উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
একই দিনে ইউক্রেনের সুমি অঞ্চলেও রাশিয়ার সামরিক হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিহোরভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার গাইডেড এরিয়াল বোমার আঘাতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভে অন্যতম বড় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাজধানী লক্ষ্য করে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ১২০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। চলমান যুদ্ধের কারণে এসব দাবির নিরপেক্ষ সত্যতা যাচাই করা কঠিন এবং রাশিয়া এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

