বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না থাকলেও সারা বিশ্বজুড়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। এই ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটি আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।
পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের মানুষের এই আবেগ আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি এবং আলবিসেলেস্তেদের জার্সিতে শহর ছেয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও স্কালোনিকে দারুণভাবে নাড়া দিয়েছে।
এদিকে, আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ইতিমধ্যে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এবার সেই ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ইংল্যান্ডকে হারানোর অপেক্ষায় রয়েছে স্কালোনির শিষ্যরা।
