শেরপুর থেকে ৫ মাদ্রাসা ছাত্র নিখোঁজ
মাত্র ১২ দিনের ব্যবধানে শেরপুরের নালিতাবাড়ী থেকে একই দিনে ৩ শিক্ষার্থীসহ মোট ৫ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের সবার বয়স ১১ বছর থেকে ১৫ বছরের মধ্যে। এই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীদের বিবরণ
জানা গেছে, গত ২৭ মে বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
গত ৬ জুন শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
গত ৭ জুন রোববার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ১১ বছর বয়সী ছেলে রাব্বানী, মানিক মিয়ার ১২ বছর বয়সী ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ১৩ বছর বয়সী ছেলে রাসেল নিখোঁজ হয়।
পূর্বের পলায়ন ও পারিবারিক তথ্য
স্থানীয় সূত্র জানায়, একসাথে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও একবার পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলে জানা গেছে।
পুলিশি তৎপরতা
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম দৈনিক ইনকিলাবকে জানান, মাশরাফি ও ইসরাফিলের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর সাধারণ ডায়েরি করতে সোমবার তাদের অভিভাবকরা থানায় এসেছেন। শিশুদের উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।
