বন্দীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন শেরপুরের জেলা প্রশাসক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা কারাগার পরিদর্শন করেছেন। তিনি বন্দীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে অনেক খুশি হয়েছেন বন্দীরাও।
২৮ মে বিকেলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দীদের মাঝে ঈদ উপলক্ষে আয়োজিত বড়খানা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দীদের হাতে খাবার তুলে দেন। তিনি বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
কারাগার পরিদর্শনের সময় জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসন ও কারাগারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বন্দীদের মানসিক পরিবর্তন করে সমাজে ভালো মানুষ হিসেবে ফিরে আনার জন্য আমাদের চেষ্টা অব্যহত রয়েছে। আমরা তাদের কথা শুনেছি ও আমাদের কথাও তারা শুনেছেন।
শেরপুর জেলা কারাগারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
