বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে বেঞ্চে থাকবেন ইয়ামাল, কোচ নিশ্চিত করলেন

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে বেঞ্চে থাকবেন ইয়ামাল

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও আসন্ন বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নামবেন তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরু থেকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ। স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্সেলোনার উইঙ্গার ইয়ামাল গত ২২ এপ্রিল ক্লাবের হয়ে খেলার সময় চোট পান। এরপর থেকেই তিনি ফিটনেস ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। মেক্সিকোতে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারেননি, তবে কোচ আশাবাদী ছিলেন যে ইয়ামাল বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য মাঠে নামতে পারবেন।

সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, “ভালো খবর হলো লামিনে পুরোপুরি সুস্থ। সে ঠিক সেই অবস্থায় এসেছে যেটা আমরা চেয়েছিলাম। ডাক্তাররা বলেছেন, সে আগামীকাল খেলতে পারবে—পুরো ৯০ মিনিট নয়, তবে কিছু সময় অবশ্যই।”

অন্যান্য খেলোয়াড় ও কুকুরেলা প্রসঙ্গে

লামিনে ইয়ামালের পাশাপাশি নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনিওজও চোট সমস্যায় ভুগছিলেন। তবে সুখবর হলো, এই তিনজনই জর্জিয়ার কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে দলের অনুশীলনে পূর্ণ অংশ নিয়েছেন এবং খেলার জন্য প্রস্তুত।

এদিকে, স্পেনের লেফট-ব্যাক মার্ক কুকুরেল্লাকে ঘিরে চলা ট্রান্সফার গুঞ্জন নিয়েও কথা বলেছেন কোচ। শোনা যাচ্ছে, ইংলিশ ক্লাব চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, নতুন কোচ জোসে মরিনহোর দলে কুকুরেল্লার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন হয়েছে।

দে লা ফুয়েন্তে কুকুরেল্লার প্রশংসা করে বলেন, “কুকুরেল্লা জাতীয় দলে দুর্দান্ত। আমি তাকে ১৭ বছর বয়স থেকে চিনি। তার পারফরম্যান্স, মান ও সম্ভাবনা অসাধারণ। বিশ্বের সেরা লেফট-ব্যাকদের একজন হতে পারে সে।”

স্পেনের বিশ্বকাপ সূচি

গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ম্যাচটি সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এই গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হলো সৌদি আরব এবং উরুগুয়ে।