তৃণমূলে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে রংপুর বিভাগের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি মূলত একটি ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ। তৃণমূল পর্যায়ে সংগঠনের সার্বিক খবরাখবর নেওয়া এবং দলীয় নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৈঠকে রংপুর মহানগরসহ রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ জুলাই দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও একইভাবে বৈঠক করেছিলেন তারেক রহমান।

