মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশনের মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপরই শিকল টেনে ট্রেনটির গতি রোধ করা হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির বগি উদ্ধারের জন্য কাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

