অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ইতিহাস সৃষ্টি করেছেন সোবহানা মোস্তারি। নারী ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি এটিই প্রথম। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে এমন ইনিংস খেলা বাংলাদেশের জন্য অভাবনীয় এক সাফল্য।
এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নারীদের মোট তিনটি সেঞ্চুরি ছিল। এর মধ্যে দুটি করেছিলেন ফারজানা হক পিংকি এবং অন্যটি এসেছিল অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। সেই তালিকায় চতুর্থ ব্যাটার হিসেবে যোগ দিলেন মোস্তারি। তবে প্রেক্ষাপট ও প্রতিপক্ষের বিচারে তার এই সেঞ্চুরি আগের তিনটি ইনিংসের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ। তবে মোস্তারির এই সেঞ্চুরি আগের ৩টি সেঞ্চুরির চেয়ে বিশেষ মর্যাদাপূর্ণ।
পরিসংখ্যান বলছে, এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ২৯ রান। কোনো খেলোয়াড় অর্ধশতকও করতে পারেননি। সেই কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে মোস্তারি সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন।

