মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা

একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। তিনি জানান, বড় ধরনের এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। আল্লাহর কৃপায় তিনি বর্তমানে সুস্থ আছেন, তবে পরে সবার সঙ্গে দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দুর্ঘটনার পর মানিকগঞ্জের নির্ধারিত যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন এই অভিনেত্রী। যদিও দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে শারীরিকভাবে তিশা অক্ষত রয়েছেন। তবে ঠিক কী পরিস্থিতিতে বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা দীর্ঘ সময় ধরে নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। সম্প্রতি তিনি শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন।