আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত এই ম্যাচে বোলারদের সম্মিলিত ব্যর্থতার কারণে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে নিগার সুলতানার দলকে। টুর্নামেন্টের গ্রুপ ‘বি’-তে তিনটি ম্যাচ খেলে দুটি হার নিয়ে বাংলাদেশের পরবর্তী পর্বে যাওয়ার পথ বেশ সংকীর্ণ হয়ে পড়েছে। আগামী বুধবার থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ই এখন একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। এ হারে টুর্নামেন্টের সুপার সিক্সে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে নিগার সুলতানাদের।স। ৩ ম্যাচে ২ হারে গ্রুপ ‘বি’-তে চাপে রয়েছে বাংলাদেশ।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। নিজের ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ বল খেলে এই রান করেন তিনি, যার মধ্যে ছিল চারটি চার ও দুটি ছক্কা। এছাড়া দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন দিলারা, যেখানে শারমিন ১৯ রান করেন। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২০ রান এবং শেষ দিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ডাচদের হয়ে হিদার সিগার্স মাত্র ২১ রান খরচায় ৪টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বড় বিপদ ডেকে আনেন। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দিলারা আক্তার।
জবাবে ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লের ভেতরেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল নেদারল্যান্ডস। তবে দলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা স্টেরি কালিস দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তিনি ৫০ বলে ৮টি চারের সাহায্যে অপরাজিত ৬৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাকে যোগ্য সঙ্গ দেন ফ্রেডেরিক ওভারডাইক, যিনি অপরাজিত ১২ রান সংগ্রহ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিলেও অন্য বোলাররা ডাচ ব্যাটারদের বড় কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা ১টি করে উইকেট নিতে সক্ষম হন। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা।

