ইরাকের কুর্দিস্তান এলাকায় সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক প্রাণ হারিয়েছেন। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সেখানে একটি কনফেকশনারি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মন্ডলের বড় ছেলে মনোহার আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মরহুম আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)।
পারিবারিক সূত্রে জানা যায়, মনোহার আলী প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে ইরাকে পাড়ি জমান। বৈধ কাগজপত্র না থাকায় তিনি বিভিন্ন সাপ্লাইয়ের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। বিদেশ যাওয়ার ঋণ পরিশোধের আগেই তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যেই ঘূর্ণিঝড়ে তাদের বসতঘরের চাল উড়ে যাওয়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
অপরদিকে, দেড় বছর আগে কর্মসংস্থানের আশায় ইরাকে যাওয়া বজলুও একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনিও ঋণ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আগেই অকাল মৃত্যুতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। বর্তমানে নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

